17 July, 2011

রুপকথা


শামসুর রাহমান
-------------------------
আজব দেশের ধন্য রাজা
দেশজোড়া তার নাম।
বসলে বলে 'হাঁটরে তোরা',
চললে বলেন, 'থাম'
রাজ্যে ছিল সান্ত্রী-সিপাই
মন্ত্রী কয়েক জোড়া।
হাতিশালে হাতি ছিল
ঘোড়াশালে ঘোড়া।
গাছের ডালে শুক সারীদের
গল্প ছিল কতো,
গল্পে তাদের রাজার কথা
ফুটতো খইয়ের মতো।
চাষীর মাঠে ধান ফলে না
ফসল গেল কৈ?
রাজা বলে খাওগে সবাই
রাঙা ধানের খৈ।
রাঙা ধানের খৈ পাবো কৈ,
বললো দেশের প্রজা।
খৈ ফুরুল, দৈ ফুরুল
নেইকো পিঠের মজা।
'
আর কটা দিন সবুর করো',
বলেন রাজা হেসে,
'
ফলবে মেওয়া সোনা-দানায়
রাজ্যি যাবে ভেসে।'
এই না বলে স্বপ্নে রাজা
দেখেন সোনার ঘড়া।
প্রজা দেখে রাজার মুকুট
কাগজ দিয়ে গড়া!

0 comments:

Post a Comment

এ যাবত সর্বোচ্চ পঠিত লেখা-

ছড়া-কবিতা নিয়ে কিছু কথা...

এই ব্লগে "ছোটদের জন্য সংগৃহীত ছড়া/কবিতা" লেবেলে যে ছড়া-কবিতাগুলো সংগ্রহ করা হয়েছে (হচ্ছে) তা আমার ছোটভাই ফুয়াদ আমিনের নামে উৎসর্গ করা হলো; যে আমাকে ছড়া বলতে শিখিয়েছিল। যাকে ছড়া শোনাতে শোনাতে নিজেই একসময় ঘুমিয়ে যেতাম! কারেন্ট চলে গেলে আম্মুর রুমে খাটের পাশের জানালা দিয়ে আসা চাঁদের আলোয় যে 'আয় আয় চাঁদ মামা' শুনতে শুনতে চাঁদের দিকে আংগুল তুলে অবাক চোখেমুখে বলতো 'তাদ! তাদ!' চাঁদের বুড়ির চরকি কাটার গল্প শোনা ফুয়াদ অবশেষে একদিন নিজেই কেমন করে যেন চাঁদের দেশে চলে গেলো... ফুয়াদ চলে গেলেও আজকের এবং আগামীর সব শিশুরা চাঁদ, আকাশ, ফুল, পাখি আর ছড়ার মেলায় হুড়াহুড়ি করে বেড়ে উঠুক, এটাই প্রত্যাশা...

ছড়া-কবিতার সংগ্রহে বিশেষ কৃতজ্ঞতায়- তারিক রিদওয়ান, বিবেক, সোহায়লা, জিপসী, তরংগ এম ইসলাম, ভাষ্কর চৌধুরী, তুষার কন্যা, তাহসিনা সাঈদা মুন আপু, সাদিয়া হোসাইন, নাজনীন সুলতানা, মামুন এম আযিয, ওস্তাদের ওস্তাদ, মঈন উদ্দীন জাহিদ, নাজলা আপু, ভবঘুরে ঝড়, আলোর ছটা, রেহনুমা ম্যাডাম, আব্দুল্লাহ মাহমুদ নাজিব, Zareen Firdegar.

অনুরোধঃ ছড়াগুলোতে বানান ভুলের সম্ভাবনা থেকেই যাচ্ছে। ছড়াকারদের নাম পাওয়া যায়নি অধিকাংশ ক্ষেত্রেই। যাদের কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে মূলতঃ তাদের স্মৃতি থেকেই যতটুকু যেভাবে পাওয়া গিয়েছে সেভাবেই এখানে তুলে দেয়া হয়েছে। ভুল বানান চোখে পড়লে, অথবা কোনোটির ছড়াকারের নাম জানা থাকলে কমেন্ট আকারে জানাতে পারেন। অথবা নতুন কোনো ছড়া এই সংগ্রহে দিতে চাইলে যোগাযোগ করতে পারেন- jajaborrr@হটমেইলডটকম